রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের উদ্যোগে ক্লাবের নবীন সদস্যদের অংশগ্রহণে প্রথম প্রেজেন্টেশন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠান ছিল তাদের জন্য প্রথম প্রাতিষ্ঠানিক উপস্থাপনা অভিজ্ঞতা। তবে প্রথমবার হলেও শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় রাজশাহী কলেজ মহসিন ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেজেন্টেশন ক্লাবের সভাপতি সোহরাব সরকারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী। তিনি বলেন, প্রেজেন্টেশন ক্লাবের এই আয়োজন আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে উপভোগ করেছি। সদস্যরা অত্যন্ত সুনিপুণভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। প্রতিটি গ্রুপের ভিন্ন ভিন্ন টপিকস দেখে আমি খুবই আনন্দিত।
ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুর রহমান সঞ্চালনায় ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ ফারুক হোসেন বলেন, এই ক্লাব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, বক্তৃতা দক্ষতা এবং নেতৃত্ব গঠনে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
উপদেষ্টা মণ্ডলীর আরেক সদস্য মোঃ তোফায়েল আহমেদ জানান, ক্লাবের শুরু থেকেই আমি এর সাথে যুক্ত। এটি শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে সোহরাব সরকার বলেন, সদস্যদের প্রথম প্রেজেন্টেশন হিসেবে এটি অত্যন্ত প্রশংসনীয় ছিল। প্রত্যেকে সুন্দরভাবে স্লাইড তৈরি ও উপস্থাপন করেছে। ভবিষ্যতে আরও মানসম্পন্ন ও পরিপূর্ণ প্রেজেন্টেশন হবে, এই প্রত্যাশা করি।
