রমজান মাস মানে রোজা রাখার প্রস্তুতির সঙ্গে নিজেদের দৈনন্দিন কার্যাবলির সময়সূচির মধ্যেও নানা পরিবর্তনের ছোঁয়া। তবে রমজান মাসের দিনগুলো পরিবার থেকে দুরে থাকা ছাত্রাবাসের শিক্ষার্থীদের জন্য কিছুটা ভিন্ন। পরিবার থেকে দুরে থাকার শূন্যতা যেমন রয়েছে, তেমনি ক্যাম্পাসে ইফতার আয়োজনে অংশ নেওয়া বিভিন্ন ধর্ম, বর্ণের মানুষের একজনের সঙ্গে আরেকজনের সম্প্রীতির বন্ধনে সম্পর্ক হয়ে ওঠে ভ্রাতৃত্বের।
সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন কে অটুট রাখতে পবিত্র মাহে-রমজান উপলক্ষে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের মাঠে এই ইফতারির আয়োজন করা হয়। ছাত্রাবাস কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে ইফতারি আয়োজনটি সম্পূর্ণ হয়।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর এই আয়োজনের মাধ্যমে সবাই একত্রিত হতে পেরে সবাই অনেক উৎসাহিত। এমন আয়োজন ছাত্রাবাসে অবস্থারত সকল শিক্ষার্থীদের মধ্যে নতুন বন্ধন তৈরি করবে। ভবিষ্যতে এমন আয়োজন বজায় থাকবে এটাই শিক্ষার্থীদের প্রত্যাশা।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, মুসলিম ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক আবু জাফর মো. মনিরুল ইসলামসহ দায়িত্বরত শিক্ষকরা।
