প্রতি বছরের ন্যায় এই বছরেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। আগামী ২৭ ফেব্রুয়ারী থেকে শুরু হবে এই মহারণ।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা প্রকাশ করে রাজশাহী কলেজ। বর্তমানে রাজশাহী কলেজে চলমান রয়েছে বার্ষিক ক্রীড়া সপ্তাহ। ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারী ক্রীড়া সপ্তাহ হিসেবে ক্যারাম, ব্যাডমিন্টন, দৌড়, লংজাম্প, হাইজাম্প, চাকতি নিক্ষেপসহ অনেক খেলা পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) ক্রিড়া কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান মানিকের নেতৃত্বে সকল বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিযোগিতার ফিকচারের ড্র অনুষ্ঠিত হয়।
আন্তঃবিভাগ টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার মোট দল সংখ্যা ২৪। ২৪টি দলকে ৪ টি গ্রুপে (এ, বি, সি, ডি) ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে ৬ টি করে দল রয়েছে। এ গ্রুপে রয়েছে সমাজকর্ম, ফিন্যান্স, অর্থনীতি, দর্শন, রসায়ন ও ইতিহাস বিভাগ। বি গ্রুপে রয়েছে মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ডিগ্রি, মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগ। অপরদিকে সি গ্রুপে রয়েছে বাংলা, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, সংস্কৃত ও গণিত এবং ডি গ্রুপে লড়াই করবে আরবি ও ইসলাম শিক্ষা, ইংরেজি, প্রাণিবিজ্ঞান, ব্যাবস্হাপনা, হিসাববিজ্ঞান ও ভূগোল বিভাগ।
১৬ দল নকআউট পর্বে একটি করে ম্যাচ খেলে সেখান থেকে ৮ টি দল সুপার-১৬ তে আসবে। বাকি ৮ টি দল সরাসরি লটারির মাধ্যমে সরাসরি সুপার-১৬ তে চলে উঠছে। আগামী ২৭ ফেব্রুয়ারী রাজশাহী কলেজ মাঠে শুরু হবে রাজশাহী কলেজ আন্তঃবিভাগ টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪।
এর আগে ২০২১ সালে আন্তঃবিভাগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলো রাজশাহী কলেজ। প্রত্যেক বছর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে আয়োজন হলেও ব্যস্ত সময় সূচির কারণে প্রত্যেক বছর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয় না।
