রাজশাহী কলেজে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন

কলেজের খবর
রাজশাহী কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নেওয়া হয় নানা কর্মসূচি। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৮টায় কলেজের বিভিন্ন বিভাগের উদ্যোগে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। শোভাযাত্রা শেষে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসা. ইয়াসমিন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা। সকাল ৮টা ৫০ মিনিটে বাঁধন-এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং ৮টা ৫৫ মিনিটে বিএনসিসি ক্যাডেটদের তৈরি বিশেষ দেয়ালিকার উদ্বোধন করা হয়।

এরপর কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বিজয় দিবসের কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। কুচকাওয়াজে অংশ নেয় বিএনসিসি ও রোভার স্কাউট। রোভার স্কাউটের আয়োজনে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের উচ্চমাধ্যমিক, অনার্স, মাস্টার্স ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

দুপুরে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষকবৃন্দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে কলেজ প্রশাসন ভবনের সামনে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং বিজয়ের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন। দিনব্যাপী কর্মসূচি শেষে অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং অতিথিদের ধন্যবাদ জানিয়ে বিজয় দিবস উদযাপনের সমাপ্তি ঘোষণা করেন।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *